অবশেষে নিখোঁজ সেই চার শিক্ষার্থীর সন্ধান মিলেছে। গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। হস্তান্তরিত চারজন হলেন, এশিয়ান ইউনিভারসিটি’র বাংলা বিভাগের তৃতীয় বর্ষের আবু খালেদ মোহাম্মদ জাবেদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বোরহান উদ্দিন, মানারাত ইন্টারন্যালশনাল ইউনিভারসিটি’র শেষ বর্ষের শিক্ষার্থী রেজাউল খালেক ও ঢাকা ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের সাবেক ছাত্র ডা. সৈয়দ মমিনুল হাসান।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে এই চারজনের সন্ধান চেয়ে তাদের অভিভাবকরা সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নিখোঁজ হওয়া পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু খালেদ মোহাম্মদ জাবেদের ছোট ভাই আবু হাসনাত, বোরহান উদ্দিনের বড় ভাই মনির, রেজাউল খালেকের বড় ভাই আবিদাতুন খালিদ ও ডা. সৈয়দ মমিনুল হাসানের বড় ভাই সৈয়দ ইদরাক।
অভিভাবকরা জানান, গত ২৯ ডিসেম্বর শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে শপিং শেষে বাড়ি ফেরার পথে ফার্মগেটে বাস থামিয়ে সাদা পোশাকের পুলিশ তাদের আটক করে। অভিভাবকরা দাবি করেন, বাসে থাকা তাদের সন্তানদের অপর এক বন্ধুর মাধ্যমে আটকের বিষয়টি তারা জানতে পারেন। তারপর তেজগাঁও থানা এবং পার্শ্ববর্তী সব থানাসহ আইন-শৃঙ্খলা নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করলেও সবাই আটকের বিষয় অস্বীকার করে।
তারা আরও জানান, আটকের পর দুই দিন পেরিয়ে গেলেও আইন অনুযায়ী তাদের আদালতে হাজির করা হয়নি, যা উদ্বেগের বিষয়। তারা তাদের সন্তানদের নিয়ে শঙ্কিত। অভিভাবকরা বলেন, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, আমাদের স্বজনরা পুলিশের হেফাজতেই আছে।
