বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:৫২

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী (৪০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, বিমানবন্দর রেলস্টেশন থেকে ময়মনসিংহ যাওয়ার একটি চলন্ত ট্রেনে উঠতে চেষ্টা করেন ওই নারী। এ সময় নিচে পড়ে ট্রেনে কাটা পড়েন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা আছে। নিহত নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।