শ্রম মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ডা. এ এম এম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন মহাপরিচালক নিয়োগের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এসংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। তিনি সাংবাদিকদের জানান, গত ২ জুন শ্রম মন্ত্রণালয়ের এক আদেশে ডা. এ এম এম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন মহাপরিচালক হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মো. আমীর হোসেনকে নিয়োগ দেন। কোনো প্রকার নোটিশ না দিয়ে এভাবে একইদিন একই আদেশে একজনকে অব্যাহতি দিয়ে আরেকজনকে নিয়োগ আইন অনুমোদন করে না। তাই অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেছেন। শুনানি নিয়ে আদালত শ্রম মন্ত্রণালয়ের আদেশ স্থগিতের আদেশ দিয়েছেন।
