ফরিদপুরে আওয়ামী লীগ নেতা বরকত ও তার ভাইসহ গ্রেফতার ৯

আপডেট : ০৮ জুন ২০২০, ২২:৪৮

ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত (৪৭) ও তার ভাই আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ হাসান রুবেলসহ (৪৪) ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, মাদক ও প্রচুর নগদ টাকা, ডলারসহ বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ফরিদপুরের পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে পুলিশ সুপার আলিমুজ্জামান (পিপিএম সেবা) সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, গত ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটে। ঐ ঘটনায় দায়েরকৃত মামলায় গত রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের বদরপুর মোড় থেকে প্রথমে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল ও রেজাউল করীম বিপুলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন সুলতানা বন্যা মন্ডল, ছাত্রলীগ নেতা এনামুল ইসলাম জনি, অমিয় সরকার, বর্ধিত ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সাবেক ৬ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন ও জাহিদ খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রথম তিন জনের কাছ থেকে পাঁচটি পিস্তল ও ৯১ রাউন্ড গুলি, দুটি শটগান ও ১৮০টি কার্তুজ, ছয় বোতল বিদেশি মদ, ৬৫ পিস ইয়াবা, খাদ্য অধিদপ্তরের ১ হাজার ২০০ বস্তাভর্তি ৬০ হাজার কেজি চাল, ৩ হাজার ইউএস ডলার, ৯৮ হাজার ভারতীয় রুপি ও বাংলাদেশি ২৯ লাখ টাকা ও পাঁচটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, আটককৃতদের আদালতে হাজির করে অধিকতর তদন্তের জন্য রিমান্ড আবেদন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটক প্রথম তিন জনকে ১০ দিন করে এবং বাকি ছয় জনকে সাত দিন করে রিমান্ড আবেদন করবে পুলিশ। গ্রেফতারকৃত বরকত ও রুবেল আপন দুই ভাই। তাদের গ্রেফতারের খবরে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি। আর তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক ভোরের প্রত্যাশা নামক পত্রিকার সম্পাদক এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি। বরকত ঐ পত্রিকার প্রকাশক।

পুলিশ সুপার জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সরকারি চাল গুদামজাত করার অপরাধে নিয়মিত মামলা হবে। তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, ভূমি দখল, চাঁদাবাজিসহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে।

এদিকে, সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে গ্রেফতারের খবরে তাদের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে আওয়ামী লীগের একাংশ। ফরিদপুরে প্রেসক্লাবের সামনে সোমবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ বোস। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মনিরুল হাসান মিঠু, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।