বাংলাদেশ পুলিশের আরো এক সদস্য করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উত্সর্গ করলেন। তিনি হলেন—কনস্টেবল মো. আলমগীর হোসেন (৫৫)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অধীন হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গতকাল পুলিশ সদর দপ্তরসূত্র এ তথ্য নিশ্চিত করে।
করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হওয়ায় কনস্টেবল আলমগীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গত রবিবার রাত সাড়ে ১২টায় চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার মাজারদিয়ায়। পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গতকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের ১৯ সদস্য মারা যান।
