মোহনপুরে করোনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২০, ১৬:৫৩

রাজশাহীর মোহনপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মাদ্রাসার শিক্ষক মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। এর আগে গতকাল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মৃত ওই শিক্ষকের নাম লুৎফর রহমান (৫২)। তিনি মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের বাসিন্দা ও তানোর উপজেলার সীমানাবর্তী মহিষকুন্ডি মাদ্রাসার শিক্ষক। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ড. সাইফুল ফেরদৌস জানান, গত শনিবার (৬ জুন) বাড়ি থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার রাতে তার নমুনায় করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুর বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা করবে।

আরো পড়ুন: নিউইয়র্কে ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভা

উল্লেখ্য, রাজশাহী জেলায় এ নিয়ে করোনায় ৪ জনের মৃত্যু হলো। গত ১২ এপ্রিল জেলার পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন। 

ইত্তেফাক/এএএম