দেশের বিভিন্ন স্থানে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
যশোর: যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা এলাকার সাদীপুর রামপুর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী বাঘারপাড়া উপজেলার সাদীপুর গ্রামের মিলন রায় এবং অপর যাত্রী সদর উপজেলার রাজাপুর গ্রামের ছেলে মোঃ আব্দুল্লাহ।
খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, ঘাতক পরিবহনটিকে জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
লালপুর (নাটোর): লালপুর উপজেলার ওয়ালিয়া-দয়রামপুর সড়কের শিমুলতলা নামক স্থানে খেজুর গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জালাল উদ্দিন ও শরিফ নামের দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাফিজ নামের অপর একজন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মদন (নেত্রকোনা): মদন উপজেলার মদন-কেন্দুয়া সড়কের জাহাঙ্গীরপুরস্থ হাদিছ মিয়ার বাসার সামনে পথচারী জায়দা বেগমকে বিপরীতমুখী মোটরসাইকেল চাপা দিলে তিনি আহত হন। পথচারী চকপাড়া আন্দিবাড়ী চান মিয়ার স্ত্রী জায়দা ও পৌরসভার আশকিপাড়াস্থ আবদুস সালাম খানের ছেলে মোটরসাইকেল চালক শাহানশাহকে মদন হাসপাতালে নিলে চিকিত্সক দুজনকেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর মধ্যে পথচারী জায়দাকে এ্যাম্বুলেন্সে উঠানোর সময় মারা যান।
ওসি মোঃ রমিজুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে নিহতের স্বামীর আবেদনের প্রেক্ষিতেই ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
