স্টোকসের নেতৃত্বে ভিন্নমত সাবেকদের

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:১০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছে ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেট। সব ঠিক থাকলে এটাই হতে যাচ্ছে করোনা-পরবর্তী সময়ের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট আর এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন বেন স্টোকস। কিন্তু তার অধিনায়কত্বকে স্বাগত জানাতে পারছেন না সাবেক ইংলিশরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময় ছুটি নিতে পারেন নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুট। আর সেই সময় হয়তো দলকে নেতৃত্ব দেবেন স্টোকস।

সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ারের বিশ্বাস, নেতৃত্ব পেলে উপভোগ করবেন স্টোকস। তবে অতীতে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অলরাউন্ডারদের অভিজ্ঞতা যে খুব একটা ভালো নয়, রোববার ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাত্কারে সেটি মনে করিয়ে দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে ১২ টেস্টের একটিতেও না জেতা ইংলিশ কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামের উদাহরণ দেন গাওয়ার, ‘আমি বেন স্টোকসকে উদাহরণ হিসেবে দেখতে পছন্দ করব। সে তার কাজ যথাযথভাবে করে এবং কঠোর অনুশীলন করে। সে দারুণ উদ্যমী ক্রিকেটার। বিফির (ইয়ান বোথাম) সঙ্গে তুলনাটা অবধারিত, সেও ছিল একই ঘরানার। তার মাঠে থাকা মানেই ছিল নেতৃত্ব দেওয়া, উপস্থিতিই ছিল প্রেরণাদায়ী। নেতৃত্বের ভারে সেটি হারিয়ে যাবে কিনা, কেবল বেনই তা বলতে পারবে। আমি নিশ্চিত, সে আগ্রহ নিয়েই করবে। আমার স্রেফ চাওয়া, নেতৃত্বের খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে অন্য কেউ ভাবুক।’

অধিনায়কত্ব কতটা চাপের জানেন পিটারসেন। তাই স্টোকসকে এই দায়িত্বে ঠেলে দিতে চান না তিনি। রুটের অনুপস্থিতিতে নেতৃত্বের জন্য তার পছন্দ জস বাটলার। সোমবার টক স্পোর্টকে নিজের অভিজ্ঞতার কথা জানান ইংল্যান্ডকে তিনটি টেস্টে নেতৃত্ব দেওয়া পিটারসেন, ‘দায়িত্ব, যোগাযোগে, ড্রেসিং রুমে চলাফেরা সব বদলে যাবে। এটা খুবই কঠিন জায়গা (অধিনায়কত্ব)। আমি অধিনায়কত্ব নিয়ে ভুগেছি। এটাকে আমি খুবই অপছন্দ করি এবং আমি ছিলাম জঘন্য। বেন স্টোকস এখন যেমন এবং যে মানের খেলোয়াড়, আমি কি চাইব তার পরিবর্তন হোক। সম্ভবত না। আমার পছন্দ জস বাটলার।’