করোনা হাসপাতালের মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে সরকারকে নোটিশ

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:২৭

করোনা চিকিত্সাসংক্রান্ত মেডিক্যাল হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে গতকাল মঙ্গলবার সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনা হাসপাতালগুলোর মেডিক্যাল বর্জ্য অপসারণে যথাযথ গুরুত্ব না দিয়ে তা যত্রতত্র ফেলা হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান (রবিন) ইমেইল ও ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে দেশে প্রায় ১৪ হাজার ৫০০ টন বর্জ্য তৈরি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতে ১ হাজার ৩১৪ টন সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস বর্জ্য ও ৪৪৭ টন সার্জিক্যাল মাস্কের বর্জ্য তৈরি হয়েছে। এ ধরনের বর্জ্যের সঠিক ও যথাযথ ব্যবস্থাপনা না থাকার ফলে পরিবেশের ক্ষতিসাধন ও পরিচ্ছন্নতা কর্মীসহ দেশের জনগণ করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এতে আরো বলা হয়েছে, বর্তমানে করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও এ ভাইরাসে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশীয় বিশেষজ্ঞদের মতে, এ ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তি এবং এক জনগোষ্ঠী থেকে অন্য জনগোষ্ঠীতে সংক্রমিত হয়। অধিকন্তু করোনা আক্রান্ত ব্যক্তি ও তার সংস্পর্শে আসা ব্যক্তির ব্যবহূত ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি থেকেও এ ভাইরাস সংক্রমিত হয়ে থাকে। জনগণের স্বাস্থ্যঝুঁকি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।