‘করোনা সংকটে নারীর কর্মসংস্থান ও উন্নয়নে সহায়তা দিতে ইউএন উইমেনসহ আন্তর্জাতিক সংস্থার নিকট আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেছেন, করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী নারীরা আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যগতভাবে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নারীরা চাকরি হারাচ্ছেন, অনেক উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ফলে তাদের জীবনযাত্রার মান নেমে গেছে ও সহিংসতার শিকার হচ্ছেন। এ সংকটকালে জাতিসংঘের এজেন্সিগুলো, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও উন্নয়ন অংশীদারদের করোনা ভাইরাস সংকটে ক্ষতিগ্রস্ত কর্মজীবী নারী, নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি ।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় থেকে ইউএন উইমেনের ব্যাংকক আঞ্চলিক অফিসের পরিচালক মোহাম্মদ নাচিরি এর সঞ্চালনায় ‘টুওয়ার্ডস জেন্ডার রেস্পনসিভ কোভিড-১৯ রিকোভারি :এক্সপিরেয়েন্স ফ্রম এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ বিষয়ে ইউএন উইমেনের আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৯টি দেশের মহিলাবিষয়ক মন্ত্রীদের অনুষ্ঠিত ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভার্চুয়াল সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক আনিতা ভাটিয়া।
ফজিলাতুন নেসা ইন্দিরা তার বক্তব্যে করোনা সংকটে এশিয়া প্যাসিফিক অঞ্চলের নারী উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহায়তা, ঘরে বসে কাজ করা ও সরকারি-বেসরকারি সব নাগরিক সুবিধা পাওয়ার বিষয় সুপারিশ হিসেবে তুলে ধরেন।
