কোটালীপাড়া উপজেলায় অন্যের গাছ থেকে আম পাড়ার অভিযোগে আমানুল্লাহ শেখ (১৫) নামের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আমানুল্লাহর মৃত্যু হয়।
নিহত আমানুল্লাহ উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের কৃষক জাকির হোসেন শেখের ছেলে। সে কুশলা আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় নিহত আমানুল্লাহর বাবা জাকির হোসেন শেখ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিহতের চাচা জাহিদ শেখ বলেন, প্রতিবেশী দুই ভাই আমানুল্লাহকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমি প্রতিহত করতে গেলে তারা আমাকেও মারধর করে। আহত আমানুল্লাহকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে আমানুল্লাহ মারা যায়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, নিহত আমানুল্লাহর বাবা জাকির হোসেন শেখের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
