শ্রীমঙ্গলে মঙ্গলবার দুপুরে ট্রেনে কাটা পরে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা চার বছরের একটি শিশু গুরুতর আহত হয়েছে। নিহতের নাম উজ্জ্বলা রানী দাশ (৩০)। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের রাজচন্দ্র দাশের মেয়ে।
রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইন পার হতে গিয়ে উজ্জ্বলা রানী ট্রেনের নিচে কাটা পড়েন। আহত শিশুকে তাত্ক্ষণিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
