চালুর পাঁচ ঘণ্টার মধ্যে বন্ধ বুড়িমারী স্থলবন্দর

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২০

ভারতীয় যাত্রীদের নিচ্ছে না

চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

দীর্ঘ ৭৯ দিন বন্ধ থাকার পর বুধবার চালু হওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে আবারও বন্ধ হয়ে গেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর। পণ্যবাহী যান আসা-যাওয়া করলে করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় ভারতীয় চ্যাংড়াবান্ধা গ্রামের বাসিন্দারা চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক প্রবেশে বাঁধা প্রদান করে ও প্রবেশকৃত ট্রাক ঘিরে ধরে হট্টগোল করায় মূলত অচল হয়ে পড়ে উভয় দেশের স্থলবন্দর। অপরদিকে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের গ্রহণ না করে ফিরিয়ে দিচ্ছেন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে পণ্যবাহী যান প্রবেশের মধ্য দিয়ে উভয় দেশের বন্দর চালু হয়। বুড়িমারী স্থলবন্দর থেকে থেকে ৩৫টি পণ্যবাহী গাড়ি ভারতে প্রবেশ করে ও ভারত থেকে ৪৫টি পণ্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করার পর দুপুর প্রায় ২টার সময় ভারতীয় গ্রামবাসী স্থলবন্দরের কর্মকর্তাদের সামনেই ট্রাক প্রবেশে বাঁধা দিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে। ফলে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাক ফিরিয়ে দেয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকও বুড়িমারীতে যেতে নিষেধ করে। অন্যদিকে ভারতীয় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশ ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশে বাঁধা দিয়ে বাংলাদেশের দিকে ফেরত পাঠিয়ে দিচ্ছে।

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেন বলেন, ভারতে যেতে ইচ্ছুক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের নিচ্ছে না চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশ। তবে, বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের আসতে কোনো সমস্যা হচ্ছে না। 

বুড়িমারী  স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ নেওয়াজ নিশাত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তারা ভারতীয় কুচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চ্যাংড়াবান্ধা বন্দর ও কাস্টমস্ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন।