বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁ টু বদলগাছী প্রধান সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়ে পড়েছে। সওজের অধীনে থাকা এ সড়কটি সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন। এতে প্রায়ই নানা দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এ পথ দিয়ে চলাচল করা যানবাহন ও পথচারীর।
সরেজমিনে দেখা গেছে, বদলগাছী নতুন ব্রিজ থেকে বৌদ্ধবিহার পাহাড়পুর পর্যন্ত সড়ক জনপদের রাস্তার পাকাকরণ কাজ হলেও বদলগাছী চৌরাস্তার মোড় থেকে নওগাঁ প্রায় ১৮ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়া চৌরাস্তার মাতাজী রোড হয়ে উপজেলা খাদ্যগুদাম পর্যন্ত মাঝে মাঝে খানাখন্দের সৃষ্টি হয়ে পড়েছে।
ট্রাক ডাইভার খাইরুল আলম বলেন, আমরা পঞ্চগড়, বড়পুকুরিয়া, হিলি থেকে কয়লা, ধানসহ বিভিন্ন মালামাল নিয়ে নওগাঁ, রাজশাহী যাতায়াতের সময় এই গর্তগুলোতে ঝুঁকি নিয়ে পার হতে হয়। এতে অনেক সময় গাড়ি বিকল হয়ে পড়ে।
ভ্যানচালক মজিবর, কুদ্দুস, মিলনসহ অনেকে বলেন, একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। অনেক সময় গাড়ি উলটে যাত্রীরা রাস্তায় পড়ে যায়। এ বিষয়ে নওগাঁ জেলা সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হক বলেন, নষ্ট হওয়া রাস্তাগুলো আমরা আপত্কালীন সময়ে মেরামত করছি। আগামী সেপ্টেম্বর নাগাদ নওগাঁ টু বদলগাছী রাস্তা প্রশস্তকরণের কাজ করা হবে।
