চাঁদপুরে ডিবি পুলিশের ২৯ জনকে বদলি

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে জেলা পুলিশ বিভাগকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান। বিশেষ করে দুই বছরের অধিক সময় ধরে যারা একই পদে চাকরি করছেন তাদেরকে বদলির তালিকায় আনা হচ্ছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ২৯ জন সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে ছয় জন এসআই, পাঁচ জন এএসআই ও বাকি ১৮ জন কনস্টেবল রয়েছেন।

এ ব্যাপারে চাঁদপুর ডিবির ওসি রণজিত কুমার বড়ুয়া বদলির সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, চাঁদপুর ডিবিতে বেশ কজন এসআই, এএসআই ও কনস্টেবলকে বদলি করা হয়েছে। বিশেষ করে যাদের ডিবিতে ২ বছরের বেশি তাদেরকে বদলি করা হয়েছে। আর যাদের মেয়াদ শেষ হয়েছে তাদেরকেও বদলি করা হচ্ছে। জেলা পুলিশের অন্যান্য জায়গায়ও ধারাবাহিকভাবে এই বদলির প্রক্রিয়া চলবে। জেলা পুলিশের প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানোর লক্ষ্যেই এটি করা হচ্ছে।