কচুয়ায় জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে আউশ

আপডেট : ১০ জুন ২০২০, ২১:৩৬

সাপলোলা খালে ময়লার স্তূপ

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

উপজেলার সাপলোলা খালের দুইটি ব্রিজের নিচে ময়লা আবর্জনা ফেলায় বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। ফলে খালের এক পাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে গোহট উত্তর ইউনিয়ন ও আশ্রাফপুর ইউনিয়নের নূরপুর, খিলা, সাতবাড়িয়া, ধামাই, জুনাসর, পনসাহি ও সাহারপাড় গ্রামের বিস্তৃত মাঠে সদ্য লাগানো রোপা আউশ। এতে দিশাহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। তারা দ্রুত খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন।

জানা যায়, খালটি বরুড়া উপজেলার নাগিরপাড় থেকে শুরু হয়ে কচুয়ার পশ্চিম ও মতলবের পূর্ব সীমান্তের বায়ালজুড়ি খালের সঙ্গে সংযুক্ত হয়েছে। মূলত উপজেলার দক্ষিণ অঞ্চলের বিভিন্ন মাঠের সিংহভাগ পানি এ খালের মাধ্যমে বোয়ালজুড়ি খালে গিয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, কচুয়ার রহিমানগর বাজারের পূর্ব পাশে একটি ও একই বাজারের মধ্য দিয়ে আরো একটি ব্রিজ রয়েছে। এ ব্রিজের নিচে বাজারে ব্যবসায়ীরা তাদের সকল আবর্জনা ফেলায় ময়লার স্তুপ জমেছে। এতে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে পানি চলাচল।

নূরপুর গ্রামের কৃষক রুহুল আমিন ও পনশাহী গ্রামের কৃষক জমির মিয়া জানান, তাদের উভয়ের প্রায় ৫০ শতক জমি রোপা আউশ জলাবদ্ধতার কবলে পড়ে নষ্ট হয়ে গেছে। এলাকার কৃষকরা আরো জানান, স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও বাজার কমিটির সদস্যদের নিকট আবেদন-নিবেদন করলেও তারা উক্ত খালের পানিপ্রবাহ চালু করার আজো কোনো উদ্যোগ নেয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, খালটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।