স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী শহরে করোনার সংক্রমণ বাড়ছে। এই বিভাগীয় শহরে অতি সম্প্রতি ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) এক প্রতিবেদনে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহী শহরে পাঁচ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন তিন জন। এদের একজন নগরীর বাসিন্দা, বাকিরা নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
রাজশাহী শহরে গত ১৫ মে এক নারীর প্রথম করোনা শনাক্ত হয়। পরে তার স্বামী এবং মেয়েও শনাক্ত হন। তারা সকলে এখন সুস্থ। বর্তমানে নগরীতে আইসোলেশনে রয়েছেন ২২ জন। এখনো হোম কোয়ারেন্টাইনে আছেন ৩২ জন। জেলার তানোরে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন শনাক্ত হয়েছে। এছাড়া বাঘায় সাত, চারঘাটে ১০, পুঠিয়ায় ১১, দুর্গাপুরে তিন, বাগমারায় ছয়, মোহনপুরে ৯, পবায় সাত এবং গোদাগাড়ীতে একজন শনাক্ত হয়েছে। দুর্গাপুরের সবাই সুস্থ। এছাড়া তানোরে এক, বাঘায় তিন, পুঠিয়ায় ছয়, বাগমারায় এক, মোহনপুরে চার ও পবায় দুজন সুস্থ হয়েছেন। বাঘা ও মোহনপুরে মারা গেছেন দুই ব্যক্তি।
সিভিল সার্জন জানান, গত ১২ এপ্রিল পুঠিয়ায় প্রথম করোনা রোগী পাওয়া যায়। এরপর জেলা ও শহরে এ পর্যন্ত ৯৬ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৪ জন সুস্থ, চিকিত্সা নিচ্ছেন ৭১ জন। এ পর্যন্ত ১ হাজার ৯৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এখনো ৩১ জন কোয়ারেন্টাইনে আছেন।
দুই ল্যাবে ২৬ নমুনায় করোনা
রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে মঙ্গলবার (৯ জুন) ২৬টি নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ এবং রাজশাহী মেডিক্যাল কলেজে ১৫ নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর বাসিন্দা ১২ জন।
