হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে লকডাউনের মধ্যেই শহর ও ফতুল্লায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। গতকাল দুপুরে শহরের কলেজ রোড মোড়, চাষাঢ়া, ২ নম্বর রেলগেট মোড়, পঞ্চবটী মোড়ে এ যানজট দেখা যায়। এতে কলেজ রোড মোড় ও চাষাঢ়া মোড়ে ১০ থেকে ১৫ মিনিট যানজটে বসে থাকতে হয় সাধারণ মানুষকে। শহরের কলেজ রোড মোড়ে ১৫ মিনিট ধরে যানজটে বসে থাকা জামতলা এলাকার বাসিন্দা মেহেদী হাসান জানান, বাসার বাজার করার জন্য বের হয়েছিলাম। বাজারে যাবার পথে এ মোড়ে আটকে আছি ১৫ মিনিট ধরে। অনেক যানজট এখানে। গাড়ি ও রিকশার পাশাপাশি বিভিন্ন পরিবহনের চাপ। লকডাউনের কোনো চিহ্ন এখানে নেই। একই কথা জানান, চাষাঢ়ায় যানজটে আটকে থাকা ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, চাষাঢ়া এ শহরের প্রাণকেন্দ্র আর লকডাউনের মধ্যে এখানেই সবচেয়ে বেশি যানজট। আর জেলার উত্সাহী মানুষগুলো কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই রাস্তায় বের হয়েছে। আর তীব্র যানজটের মধ্যেও স্বাস্থ্যবিধি না মানায় রয়েছে সংক্রমণের ঝুঁকি। তাছাড়া মানুষ নিজেদের প্রয়োজনে, চাকরি বাঁচাতে এবং বিভিন্ন কাজে বের হচ্ছে।
এ ব্যাপারে জানতে একাধিকবার চাষাঢ়ায় ট্রাফিকের দায়িত্বে থাকা পরিদর্শক (টিআই) সোহরাবের মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। আর ট্রাফিকের ফতুল্লা জোনের দায়িত্বে থাকা টি.আই জিয়াউল জানান, রাস্তার পাশে অহেতুক গাড়ি পার্কিং করার কারণে যানজট তীব্র আকার ধারণ করেছে। এছাড়া ঢাকা-মুন্সিগঞ্জ সড়কটির সংস্কার কাজের কারণে পঞ্চবটী বন বিভাগের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করায় যানজটের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সংস্কার কাজের সমাপ্ত না হওয়া পর্যন্ত এ সড়কে একটু যানজট হবে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্থানীয় থানা পুলিশও আমাদের সঙ্গে কাজ করছে। তাই যানজট দীর্ঘ হতে আমরা দিচ্ছি না। যতটুকু পারছি যানজট আমরা মুক্ত রাখার চেষ্টা করছি।
