বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরী গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে কৌশলে অভিযান চালিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন প্রধান আসামি মুন্নাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।
থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ঐ কিশোরী আগৈলঝাড়ায় একটি সরকারি অফিসে কাজ করত এবং উপজেলার সুজনকাঠী গ্রামে ভাড়া বাসায় বসবাস করত। গৃহবধূর সঙ্গে পশ্চিম সুজনকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে মুন্না মোল্লার (২২) ভালো সম্পর্ক ছিল। সে সুবাদে মুন্না বিভিন্ন সময় তার ঘরে নিয়ে ঐ কিশোরী গৃহবধূকে ধর্ষণ করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন জানান, ১০ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত মুন্না তার বন্ধু ও এক নারীর সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মুন্না ও তার চার সহযোগীর বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় গত রবিবার রাতে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন সোমবার কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। সে আদালতে জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
