বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতন

চকরিয়ায় বহিষ্কৃত যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট : ১০ জুন ২০২০, ২২:৫৩

কক্সবাজারের চকরিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় করা মামলার এক নম্বর আসামি বহিষ্কৃত যুবলীগ নেতা আনছুর আলমকে (৪০) গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে মহেশখালীর ষাইটমারা এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়। আটক আনছুর আলম উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ার মৃত মনিরউল্লাহর ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।  কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গত ২৪ মে ছয়কুড়িটিক্কা পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে নির্যাতনের শিকার হন নুরুল আলম (৭২)। আনছুর আলমের নেতৃত্বে একদল বখাটে ঘটনাটি ঘটায়। এ ঘটনার পর ৩১ মে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন চকরিয়া থানায় মামলা করেন। এর আগে ঐ বৃদ্ধকে নির্যাতনের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় এর আগে আরো তিন জন গ্রেফতার হয়েছে।