নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২। তারা হলো রুহুল আমিন মল্লিক ও মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযানের সময় তাদের কাছ থেকে উগ্রপন্থি বই, কম্পিউটারের সিপিইউ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-২-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সিনিয়র এএসপি জাহিদ আহসান জানান, মোস্তাফিজুর রহমান জেএমবির এক সদস্যের মাধ্যমে সংগঠনে যুক্ত হয়। পরে অপর সদস্য রুহুল আমিন মল্লিকের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। তারা জেএমবির অন্য সদস্যদের নিয়ে প্রতি মাসের সুবিধাজনক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে একত্রিত হতো।
