গত ফেব্রুয়ারিতে দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় পুলিশ যে সবশেষ চার্জশিট পেশ করেছে তাতে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা-মন্ত্রীদের নাম উল্লেখ করা হয়নি। বরং দিল্লি পুলিশের অভিযোগপত্রে ঐ দাঙ্গার জন্য প্রধানত দায়ী করা হয়েছে সেইসব প্রতিবাদকারীদের, যারা শহরের নানা প্রান্তে তখন দেশের নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাচ্ছিলেন।
দিল্লির উত্তর-পূর্ব প্রান্তে হিন্দু-মুসলিম দাঙ্গায় অন্তত ৫৩জন নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন মুসলিম। তার ঠিক আগে শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ চলছিল এবং পাশাপাশি বিজেপির নেতা-মন্ত্রীরাও প্রতিবাদকারীদের বিরুদ্ধে নানা উসকানিমূলক বক্তৃতা দিয়ে যাচ্ছিলেন। চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার জন্য দিল্লি পুলিশ যে ৯০ দিনের সময় পেয়েছে তার অবশ্য এখনও কিছুটা বাকি আছে। কিন্তু এযাবত যে ৭০টি চার্জশিট পেশ করা হয়েছে তা থেকে বোঝাই যাচ্ছে যে বিজেপি নেতারা দাঙ্গায় উসকানির অভিযোগ থেকে শেষ পর্যন্ত রেহাই পেয়েই যাবেন।
