ভুয়া খবর খুঁজতে ভারতে পেশাদার সংস্থা

আপডেট : ১১ জুন ২০২০, ০০:৩৯

ভুয়া খবর খুঁজে বের করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবি’র একটা বিশেষ সেল আছে। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা প্রসার ভারতীও নিয়মিত ফেক নিউজ খুঁজে বের করে। তবে তাতেও হচ্ছে না। এবার পেশাদার সংস্থাকে দিয়ে সামাজিক মাধ্যমে ফেক নিউজ খুঁজে বের করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।  েতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া এর জন্য টেন্ডার ডেকেছে। সেই পেশাদার সংস্থার কাজ হবে, তথ্য যাচাই করে ফেক নিউজ খুঁজে বের করা এবং কারা সেই ফেক নিউজ দিচ্ছে তা দেখা এবং তারা কোন দেশ থেকে দিচ্ছে সেটাও খুঁজে বের করা। তথ্য ও সম্প্রচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভুয়া বা মিথ্যা খবর এখন সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবাদপত্র ও টিভিতে ফেক নিউজ দেয়া হলে তা ধরে ফেলা সহজ। কিন্তু সামাজিক মাধ্যমে ফেক নিউজের এতটাই রমরমা যে সরকার চিন্তিত। সেই ফেক নিউজ ধরাও শক্ত। - ডয়চেভেলে