প্রধানমন্ত্রী চাইলে আরও এক বছর দায়িত্ব পালন করতে পারব ------------------অর্থমন্ত্রী

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:৩৮

প্রধানমন্ত্রী বললে আরও এক বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে যেতে চান আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো কিছু বললে আমি না করি না। তিনি চাইলে, আমি আরও এক বছর দায়িত্ব পালন করতে পারব। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টানা অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন আবুল মাল আবদুল মুহিত। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে অংশ নেননি তিনি। সিলেট থেকে তার আসনে এবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার ভাই এ কে আব্দুল মোমেন।

একাদশ সংসদ নির্বাচন বিষয়ে মুহিত বলেন, ভোট ভালো হয়েছে। উন্নত দেশে ৪০ শতাংশ ভোট পড়লেই তারা খুশি হন। কিন্তু আমাদের দেশে সাধারণত ৭০ শতাংশ পর্যন্ত ভোট হলে ভালো নির্বাচন ধরা হয়। তবে এবার ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। এর কারণ হলো, জনগণ জেনে গেছে, শেখ হাসিনা ছাড়া উন্নয়ন হবে না। তাই এ নির্বাচনে জনগণ বেশি ভোট দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। উন্নয়নের ধারাবাহিকতার বিষয়ে তিনি বলেন, আমাদের সরকার পর পর দুই মেয়াদে ক্ষমতায় থাকার কারণে যে ধারাবাহিকতার সৃষ্টি হয়েছিল, সেজন্যই এই উন্নয়ন হয়েছে। আগামী পাঁচ বছরে অবিশ্বাস্য উন্নয়ন হবে বলে আমি মনে করি। ২০৩০ সালের মধ্যে যে দারিদ্র্য নির্মূল করতে চেয়েছিলাম সেটা আর লাগবে না। ২০২৫ সালের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। নতুন মন্ত্রিসভায় থাকছেন কি না, এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সব কিছু তো মাননীয় প্রধানমন্ত্রীর ওপরে নির্ভর করে। তিনি চাইলে তো আমি না করতে পারব না।