দামুড়হুদায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে এমপির পিএসসহ আহত চার

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:৪০

দামুড়হুদার দর্শনা পুরাতন বাজার মোড়ে যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এমপির পিএসসহ চারজন আহত এবং ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

পুলিশ ও এলাকাবাসী সাংবাদিকদের জানান, দর্শনা পৌর যুবলীগ সভাপতি আশরাফুল আলম বাবু, সাধারণ সম্পাদক আসলাম আলি তোতা,  উপজেলা যুবলীগ নেতা আব্দুল মান্নান ও যুবলীগ কর্মী হাবিবুর রহমান মিলন একই সঙ্গে শেয়ারে ব্যবসা করে আসছিল। দুই বছর আগে মিলন মারা গেলে তার শেয়ার বাবদ পরিবারকে দেওয়ার জন্য ১৫ লাখ টাকার একটি চেক গত ৩ জুন ২০১৭ আব্দুল মান্নান বরাবর প্রেরণ করেন দর্শনা যুবলীগ সভাপতি আশরাফুল আলম বাবু। এ পর্যন্ত চেকে কোনো টাকা না পেয়ে গতকাল দুপুরে আব্দুল মান্নান খোঁজ নিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদের একান্ত সচিব ভুট্টো মিয়া, যুবলীগ সভাপতি আশরাফুল আলম বাবু, সোহাগ হাসান ও উপজেলা যুবলীগ নেতা আব্দুল মান্নান আহত হয়।

দর্শনা যুবলীগের সাধারণ সম্পাদক আসলাম আলি তোতা জানান, শান্ত পরিবেশ অশান্ত করতে আব্দুল মান্নান তার বাহিনী নিয়ে যুবলীগ সভাপতি ও এমপির একান্ত সচিবকে মারধর করে চলে যাওয়ার সময় ২/৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন।

উপজেলা যুবলীগ নেতা আব্দুল মান্নান বলেন, চেকে এ পর্যন্ত কোনো টাকা না পেয়ে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম বলেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।

দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, তাদের নিজেদের মধ্যে দেনা-পাওনা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু ফাঁকা গুলিবর্ষণের খবর সঠিক না। এখন পর্যন্ত কেউ কোনো মামলা করেনি।