আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২০, ১৬:১০

মাগুরা শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ইসমাইল মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক উপজেলার বারইপাড়া গ্রামের রোস্তম মোল্যার পুত্র।

পুলিশ,ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বাসিন্দা পল্লী চিকিৎসক মোহন মোল্যার বাড়ির আম গাছে ইসমাইল মোল্যা আম পাড়তে ওঠে। আম পাড়ার সময় ইসমাইলের হাতে থাকা আম পাড়া কাঁচা কঞ্চির লগি হঠাৎ অসাবধানবসত পার্শ্ববর্তী উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের ওপর পড়ে যাওয়ায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে গাছেই ঝুলে থাকে। পরে এলাকাবাসী শ্রীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্কাস আলীর নেতৃত্বে তার কর্মীরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মৃত যুবকের লাশ উদ্ধার করে মাগুরা মর্গে প্রেরণ করেন। 

আরো পড়ুন: করোনার কাছে হেরে গেলেন করোনা যোদ্ধা মীরা রানী 

শ্রীপুরে থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটিকে গাছ থেকে নামিয়ে মৃত্যুর কারণ শনাক্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে । 

ইত্তেফাক/এএএম