নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২৩:৪০

সারা দেশের ন্যায় গতকাল মঙ্গলবার  নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ধামরাই, মানিকগঞ্জ ও দোহার-নবাবগঞ্জেও উত্সবমুখর পরিবেশে বই উত্সব পালিত হয়েছে। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা।  খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, আমাদের তরুণ সমাজকে সুশিক্ষিত করে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। সকালে নারায়ণগঞ্জ হাই স্কুলে জেলার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি চন্দন শীল, পরিচালনা পরিষদ সদস্য আবদুস সালাম, ডা. আতিকুজ্জামান, আমিনুল ইসলাম মিঠু, দেলোয়ারা বেগম, কামরুল ইসলাম খান।

সাভার: সকালে সাভার অধর চন্দ্র সরকারি  উচ্চ বিদ্যালয় ও সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের  কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান। এ সময় সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় ডা. এনামুর রহমান বলেন, বছরের প্রথম দিনেই সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া বর্তমান সরকারের একটি অভূতপূর্ব সাফল্য।

 

গাজীপুর: জেলা শহরের পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উত্সবের উদ্বোধন করেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিউল হক, সহকারী শিক্ষা অফিসার আবু ইউসুফ খান, সদর উপজেলা শিক্ষা অফিসার মো: খলিলুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মুজিবুর রহমান, ওই স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জেলা শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘বই উত্সবের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবু নাসার উদ্দিন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিউল হক উপস্থিত ছিলেন। এছাড়া শহরের শহিদ ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা মো: শহিদুল ইসলাম।

মানিকগঞ্জ: জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন । এ সময় পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। বই উত্সবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী চ্যাটার্জি প্রমুখ।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ এলাকাধীন। এসব ওয়ার্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকালে নতুন বই বিতরণ করা হয়েছে। ১ নং ওয়ার্ড এলাকায় পাইনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক। এছাড়া মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়, মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ, বিউবো মাধ্যমিক বিদ্যালয়, আদমজীনগর এমডব্লিউ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সকল শ্রেণির শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

ধামরাই (ঢাকা): মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের বই তুলে দেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা এনামুল হক আয়ুব, প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রমুখ।

এছাড়া কালামপুর আমাতন নেসা গার্লস হাই স্কুলে সানোড়ার ইউপি চেয়ারম্যান পরিচালনা পর্ষদ সভাপতি খালেদ মাসুদ লাল্টু, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করিম; সূয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয়ে সূয়াপুরের ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান সোহরাব অন্যদের নিয়ে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ): উপজেলার মালখানগর স্কুল, রাজদিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, বয়রাগাদি উচ্চ বিদ্যালয়, গোড়াপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালখানগর দাখিল মাদরাসা, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে ব্যাপক আয়োজনে বই উত্সব ও আলোচনা সভা করা হয়। মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মন্জুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন লেখক সামছুল হক, অভিভাবক প্রতিনিধি কাজী নজরুল ইসলাম পিন্টু, অভিভাবক প্রতিনিধি আনোয়ার হোসেন রাজা, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদ খান, শফিক আহমেদ, হাজী আনোয়ার হোসেন আনু।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান বই বিতরণ করে দিবসটির সূচনা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ইউনাইটেড স্কুল এন্ড কলেজে বই বিতরণ করেন। একই সময়ে কড়ইতলা রওযাতুল মুত্তাকিন দাখিল মাদরাসায় বই বিতরণ করেন মাদরাসার সভাপতি পীরজাদা এমদাদুল্লাহ শাজলী, সকাল ৯টায় রামচন্দ্রদী আইডিয়াল স্কুলে বই বিতরণ করেন আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, একই সময়ে গোপালদী ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে বই বিতরণ উত্সব পালিত হয়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উত্সব উদ্বোধন করেন ৩য় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, শিক্ষা অফিসার জাহেদা আক্তার।

এদিকে, হাজী মোহাম্মদ এখলাছ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে বই উত্সবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া, শিক্ষক জিয়াউর রাশেদ, ফরহাদুল ইসলাম প্রমুখ। হাজী ইয়াদ আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোশারফ হোসেন ভুঁইয়া, ইক্বরা কিন্ডার গার্টেন স্কুলে বই বিতরণ করেন শিক্ষক সফিকুল ইসলামসহ আরো অনেকে।