রংপুরে নমুনা জমা দিয়ে আইসোলেশনে না থেকে আট দিন রোগী দেখা ও স্বাভাবিক চলাফেরার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে। ২ জুন ঐ ডাক্তারের নমুনা জমা দিলে বুধবার রাতে রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে রংপুর সিটি করপোরেশনের লোকজন ডাক্তারের ঐ চেম্বার লকডাউন ঘোষণা করেন।
অভিযুক্ত এই ডা. আহসান হাবীব (এমবিবিএস) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক এবং নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকার চাল আমোদ গলিতে রোগী দেখেন। সিভিল সার্জন অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ৮০-১০০ রোগী দেখেছেন তিনি। বৃহস্পতিবার সকালেও তিনি নিজ চেম্বারে এসেছিলেন। পরে বিষয়টি প্রতিবেশী এক সাংবাদিকের নজরে আসলে তা জানাজানি হয়। রংপুরে সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বিষয়টি নিয়ে সাংবাদিকদের বলেন, এক জন ডাক্তার হয়ে এরকম করা ঠিক হয়নি। তার আইসোলেশনে থাকা উচিত ছিল। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ বলেন, নমুনা এক সপ্তাহ আগে নেওয়া হলে বুধবার রাতে তার ফলাফল এসেছে। একদিনে তো এতগুলো রোগীর বাসভবন লকডাউন করা সম্ভব না। তাই বৃহস্পতিবার সকালে লকডাউন করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ডাক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তার মুঠোফোন বন্ধ রয়েছে।
