বাগেরহাটের মোংলায় জাহাজে অসুস্থ হয়ে ফ্যান হংজি (৪৩) নামের এক চীনা নাগরিক মারা গেছেন। বুধবার দিনগত রাত দুইটার দিকে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার বাইরে সিঙ্গাপুরের পতাকাবাহী ইপিক সেন্ট কিটস্ নামের একটি বাণিজ্যিক জাহাজে তার মৃত্যু হয়। তিনি এই জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকরউদ্দিন বলেন, বুধবার সন্ধ্যায় জাহাজটির প্রধান প্রকৌশলী অসুস্থ হওয়ার সংবাদ বন্দরকে জানালে আমরা একটি চিকিত্সক দল জাহাজে পাঠাই। চীনা নাগরিক ফ্যান হংজির হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে বলে চিকিত্সকরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
