কুষ্টিয়ায় ছড়িয়ে পড়েছে করোনা

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৪৪

কুষ্টিয়ায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবমতে, জেলায় করোনা রোগীর সংখ্যা ১৭৯ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত শতবর্ষী এক জন করোনা রোগী মারা গেছেন। এদিকে জেলায় করোনা রোগীর  সংখ্যা বেড়ে যাওয়ায় জন-মনে উদ্বেগ-উত্কণ্ঠা  বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়ায় গত ২২ এপ্রিল সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবরেটরির পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। সাধারণ ছুটিসহ জেলায় লকডাউন উঠে যাওয়ার পর জনসাধারণ মানছে না স্বাস্থ্যবিধি ও সরকারি নিষেধাজ্ঞা।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও জেলা বিএমএর সভাপতি অধ্যাপক ডাক্তার এস এম মুস্তানজিদ জানান, করোনা সংক্রমণে মৃত্যুহার খুবই কম। স্বাস্থ্যবিধি নেমে চললে উদ্বেগ-উত্কণ্ঠার কিছু নেই বলে তিনি জানান।

সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, জেলায় সর্বমোট ১৭৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। সংক্রমন রোধ ও বিপর্যয় এড়াতে স্বাস্থ্য বিধি অনুসরণসহ সরকারী নির্দেশনা মেনে চলার উপর অধিক গুরুত্বারোপ করেন তিনি।