চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন করোনায় আক্রান্ত হয়ে, এক জন করোনা উপসর্গ নিয়ে এবং এক জন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান।
সর্বশেষ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকায় নিজ বাসায় মারা যান মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস বাদল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
মঙ্গলবার রাত দুটার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফি আহমেদ মিন্টু। একইদিন দুপুর দুটার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল হাই মুন্সী।
