ঢাকার নবাবগঞ্জের পোদ্দার বাজার রথখোলা এলাকায় একটি গ্রিল ওয়ার্কশপ ও একটি ভাঙ্গাড়ির দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে হাজী ওয়াজেদ হোসেন খান মার্কেটের ভাঙ্গাড়ির দোকানের লোকজন আগুন দেখে চিত্কার দেয়। মুহূর্তে আগুন মার্কেটের সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দলটি আসার আগে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মার্কেটের একটি গ্রিল ওয়ার্কশপ ও একটি ভাঙ্গাড়ির দোকান মালামালসহ পুড়ে যায়। মার্কেটের মালিক হাজী ওয়াজেদ হোসেন খান জানান, অগ্নিকাণ্ডে তার দুটি প্রতিষ্ঠানের চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনকারী নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম সজীব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
আড়াইহাজারে মোটরসাইকেল ওয়ার্কশপে আগুন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদর বাজারে আগুনে পুড়ে একটি মোটরসাইকেল ওয়ার্কশপ ও একটি সাইকেল স্টোরের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত সাধন মোটরসাইকেল ওয়ার্কশপের মালিক সাধন চন্দ্র জানান, তার দোকানে ৫টি সচল মোটরসাইকেলসহ বেশ কয়েকটি মোটরসাইকেল মেরামতের জন্য রাখা ছিল। অগ্নিকাণ্ডে তার সবগুলো মোটরসাইকেল এবং তার দোকানে থাকা জাকিরের একটি ফটোকপি মেশিনসহ সম্পূর্ণ দোকানটি ভস্মীভূত হয়।
