সেনাবাহিনী প্রধানের ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও খুলনার কয়রা পরিদর্শন

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৫৬

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও খুলনার কয়রা এলাকা গতকাল বৃহস্পতিবার পরিদর্শন করেছেন। সাতক্ষীরা সার্কিট হাউজ এবং খুলনার কয়রায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বেরিবাঁধ মেরামত ও আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় নিয়োজিত সেনা সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সাতক্ষীরা সার্কিট হাউজে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেনাপ্রধান সাতক্ষীরা সার্কিট হাউজে সেনাসদস্যদের উদ্দেশে বলেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে আমরা এসেছি। আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে আসিনি। এখানে কারো ওপর চড়-থাপ্পড় দেওয়া যাবে না। সকলের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। মনে রাখতে হবে আমরা মানবিক কাজে এখানে এসেছি।’

জেনারেল আজিজ আহমেদ বলেন, করোনা পরিস্থিতিতে আগে নিজেকে সুস্থ থাকতে হবে। একটি বিশেষ পরিস্থিতির মধ্যে আমরা কাজ করছি। করোনার কারণে প্রটেকশন নিয়ে কাজ করতে হচ্ছে। যদি করোনা না থাকত তাহলে সেনা সদস্যরা লুঙ্গি গামছা পরে কাজে নেমে পড়ত।

উপকূলীয় এলাকায় বাঁধ রক্ষার ব্যাপারে সেনাপ্রধান বলেন, উপকূলীয় এলাকায় বাঁধ রক্ষার কাজ করে যাচ্ছে সেনাসদস্যরা। মন্ত্রণালয় পরিকল্পনা করেছে। সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল বাঁধ রক্ষার কাজ সেনাবাহিনীকে দিলে সেনাবাহিনী করবে কি না? আমরা বলেছি, সরকারের দেওয়া কাজ করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এটিকে আমরা গর্ব মনে করি। কীভাবে কাজগুলো করলে সুন্দর হবে এখন সেটি আমরা পরিকল্পনা করছি। বাঁধ রক্ষায় এই মুহূর্তে লক দরকার, বাঁশসহ অন্যান্য সারঞ্জামাদি দরকার হবে। সবকিছু পর্যাপ্ত পাওয়া নাও যেতে পারে। তবুও আমরা চেষ্টা করছি। তিনি বলেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করতে সবসময় প্রস্তুত রয়েছে। আমরা যে কাজটি করব সেটি চেষ্টা করব ভালোভাবে করার। জনগণের সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমাদের প্রয়োজন স্থানীয় প্রশাসনের সহযোগিতা। সেটি যদি আমরা পাই তাহলে কাজটি আমরা ভালোভাবে করতে পারব।