‘আন্তঃকোরীয় বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানো উচিত নয়’

আপডেট : ১১ জুন ২০২০, ২২:০১

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক সব যোগাযোগ বন্ধ করে দেওয়ায় উত্তর কোরিয়ার সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে, প্রেসিডেন্ট নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে চাইলে আন্তঃকোরীয় বিষয় নিয়ে নাক গলানো উচিত হবে না ওয়াশিংটনের।

উত্তর কোরিয়া গত মঙ্গলবার প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক সব যোগাযোগ বন্ধের ঘোষণা দেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সিদ্ধান্তে তাদের হতাশার কথা জানায়। এরপর উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জন সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার সরকারি বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদন প্রকাশিত হয়। এতে যুক্তরাষ্ট্রের ‘দ্বৈত আচরণের’ সমালোচনা করার পাশাপাশি একে বিরক্তিকর বলে উল্লেখ করা হয়েছে। উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রবিষয়ক দপ্তরের মহাপরিচালক নউন জং গুন বলেন, নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে নিজের অভ্যন্তরী বিষয়ে মনোযোগ দেওয়া।