রপ্তানি কর বেড়ে দ্বিগুণ হচ্ছে

আপডেট : ১১ জুন ২০২০, ২২:১৯

করোনার মধ্যে ব্যাপক কমে গেছে রপ্তানি আয়। এমন পরিস্থিতির মধ্যেই রপ্তানির বিপরীতে উেস কর বিদ্যমান ০ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে ০ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে রপ্তানির বিপরীতে সরকার প্রদত্ত বিভিন্ন নগদ সহায়তার করও বিদ্যমান ৫ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশ হচ্ছে। অবশ্য গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের করপোরেট কর ১২ শতাংশ আরো দুই বছরের জন্য রাখা হচ্ছে। অন্যদিকে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ১ শতাংশ গত বছর বাড়ানো হয়েছিল। ঐ সুবিধা আগামী বছরের জন্যও অব্যাহত রাখা হচ্ছে। 

রপ্তানির বিপরীতে উেস কর মূলত এক শতাংশ। গত অর্থবছর রপ্তানিকারকরা সরকারের সঙ্গে দেন-দরবার করে তা ০ দশমিক ২৫ বা এক-চতুর্থাংশে নামিয়ে আনতে সক্ষম হন। আগামী ৩০ জুন ঐ আদেশের মেয়াদ শেষ হচ্ছে। গতকাল অর্থমন্ত্রী তার প্রস্তাবে এ হার ০ দশমিক ৫ শতাংশ করার কথা জানিয়েছেন। অন্যদিকে নগদ সহায়তার উেস করও একইভাবে এক বছরের জন্য অর্থাত্ আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়। অর্থ বিলে এ বিষয়ে কোনো দিকনির্দেশনা না থাকায় এটি আগের জায়গায় অর্থাত্ ১০ শতাংশ হচ্ছে। গতকাল এক প্রতিক্রিয়ায় প্রধান রপ্তানিকারক খাতের সংগঠন বিজিএমইএয়ের পক্ষ থেকে রপ্তানির বিদ্যমান ০ দশমিক ২৫ শতাংশ কর আগামী পাঁচ বছরের জন্য একই রকম রাখার দাবি জানানো হয়েছে। একইভাবে নগদ সহায়তার করও ৫ শতাংশ রাখার আহ্বান জানানো হয়েছে। অবশ্য এক শতাংশ নগদ সহায়তা বাড়ানোয় সন্তোষ প্রকাশ করা হয়েছে।