মিলাদ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কারামুক্তি দিবসে বিশেষ দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে যুবলীগ। গতকাল কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের ব্যবস্থাপনায় রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
কারামুক্তি দিবসে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। মিলাদ ও দোয়ার আয়োজন করে আওয়ামী মত্স্যজীবী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে ওয়ারীর নিজ বাসভবনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
