দুর্নীতি চালু রাখতেই কালো টাকা সাদা করার সুযোগ :আমির খসরু

আপডেট : ১১ জুন ২০২০, ২২:৪০

২০২০-২১ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া আজ শুক্রবার জানাবে বিএনপি। বিকাল ৪টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়া জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার প্রক্রিয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের বাজেটে যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তা দুর্নীতিকে চলমান রাখার একটি অপপ্রয়াস বলে আমি মনে করি। বাজেটের বিষয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আমির খসরু বলেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারে উপেক্ষিত হয়েছে। এর ব্যাখ্যায় তিনি বলেন, বাজেট বরাদ্দের বড়ো বড়ো অংশ মেগা প্রজেক্টে দেওয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেত। অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনই ছিল না এ বাজেটে। অথচ দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলোকে বঞ্চিত করে এসব প্রকল্পে টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মানেই হলো ‘দুর্নীতির ধারা অব্যাহত রাখা’। আমির খসরু আরো বলেন, জিডিপি ও রাজস্ব খাতে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল।