প্রায় পাঁচ মাস স্থিতিশীল ছিল সোনার দাম। গত মাসের ২৩ তারিখ থেকে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। পরে ক্রেতা সাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে, বড়দিন এবং ইংরেজি নববর্ষের কথা বিবেচনায় নিয়ে আগের দাম বহাল রাখার সিদ্ধান্ত নেয় বাজুস। অলঙ্কার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহূত এ ধাতুর দাম আজ বুধবার থেকে ভরি প্রতি এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ছে। তবে সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত থাকছে।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাত্ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৯৮৮ টাকা দরে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রি মূল্য ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা। অর্থাত্ প্রতি ভরিতে এ মানের সোনার দাম এক হাজার ৫১৬ টাকা বেড়েছে। ১৮ ক্যারেটের সোনার ভরিতেও একই পরিমাণে দাম বেড়েছে। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে এক হাজার ৪৫৮ টাকা বেড়ে ৪৬ হাজার ৬৫৬ টাকা হয়েছে। আগে এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৪৫ হাজার ১৯৮ টাকা। আর ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ৬৪০টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৪০ হাজার ১২৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকায় অপরিবর্তিত আছে। রূপার দামও অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।
