বাস্তব অবস্থার প্রতিফলন নেই

আপডেট : ১১ জুন ২০২০, ২২:৪৯

প্রস্তাবিত বাজেট নিয়ে অনলাইন প্রতিক্রিয়ায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অর্থনীতিবিদ অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, এ বাজেট প্রণয়নে বাস্তব অবস্থার প্রতিফলন হয়নি। কারণ,              সম্পদ আহরণ থেকে সম্পদ ব্যয়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটি আগের মতো স্বাভাবিক গতিতেই করা হয়েছে। কিন্তু বর্তমানে স্বাস্থ্য খাতে যে ঝুঁকি দেখা যাচ্ছে তাতে আমরা দ্রুত এই অবস্থা থেকে উত্তোরণ হতে পারব বলে মনে হয় না। কভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় বাজেটে যে প্রতিফলন থাকা দরকার ছিল সেটি হয়নি। রাজস্ব আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটি বর্তমান পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি। রাজস্ব আদায় না হলে বাজেট বাস্তবায়নে সরকারকে ঋণ আরো বেশি গ্রহণ করতে হবে। তিনি বলেন, চলমান অর্থবছরে ব্যাংকিং কমিশন গঠন করার কথা বলা হয়েছিল, অর্থনৈতিক সংস্কারের কথা বলা হয়েছিল। এবারের বাজেটে এ বিষয়ে আমরা জোরালো বক্তব্য আশা করেছিলাম। বর্তমান পরিস্থিতে বৈষম্য বাড়ছে এবং মানুষের আয় কমে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হয়েছে কিন্তু পরিস্থিতি বিবেচনায় এটি আরো বাড়ানোর প্রয়োজন ছিল। আমরা সিপিডির গবেষণায় দেখেছি আয়বৈষম্য ও ভোগবৈষম্য বেড়েছে। বাজেটে করমুক্ত আয়ের সীমা বেড়েছে—এটা ভালো। কিন্তু করের প্রস্তাব যেভাবে করা হয়েছে সেটি এই বৈষম্য কমাতে তেমন ভূমিকা রাখবে না। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।