যুক্তরাষ্ট্রে বেকারত্বের দাবি কমলেও বেকার লাখ লাখ

আপডেট : ১২ জুন ২০২০, ০৮:১৭

যুক্তরাষ্ট্রে লে অফে চাকরি যাওয়ার হার কমেছে। সঙ্গে কমেছে বেকারত্বের দাবিও। তবে এখনো দেশটিতে লাখ লাখ মানুষ বেকার অবস্থায় আছেন। চাকরির বাজার করোনা ভাইরাসের হানার আগের অবস্থায় ফিরতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছেন মার্কিন অর্থনীতিবিদরা। খবর রয়টার্সের।

মার্কিন শ্রম বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ৬ জুন পর্যন্ত বেকারত্বের দাবি করা মানুষের সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ১৮ লাখ ৯৭ হাজার। মার্চের শেষ দিকে বেকারত্বের দাবি করা মানুষের সংখ্যা ছিল ৬৮ লাখ ৬৭ হাজার। তবে বার্তা সংস্থা রয়টার্সের জরিপে জানা গেছে, সম্প্রতি বেকারত্বের দাবি করেছেন ১৫ লাখ ৫ হাজার মানুষ।

৩০ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে বেকার ভাতা দেওয়া হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯ হাজার মানুষকে। গত শুক্রবার শ্রম বিভাগ ২৫ লাখ মার্কিনির কর্মসংস্থানের তথ্য জানিয়েছিল। এতে ধারণা করা হয়, করোনা ভাইরাস মহামারি থেকে সৃষ্ট সংকট থেকে সামান্য হলেও বেরিয়ে আসার চেষ্টা করছে অর্থনীতি। কিন্তু বর্তমানে যে পরিমাণে বেকার আছে তা ২০০৭-০৯ সালের অর্থনৈতিক মন্দার সময়ের চেয়েও দ্বিগুণ।