বার্সেলোনার কোচ হয়ে ফেরার স্বপ্নের কথা বহুবারই সংবাদ মাধ্যমে বলেছেন জাভি হার্নান্দেজ। তারই সাবেক সতীর্থ স্যামুয়েল ইতো এবার তাকে পরামর্শ দিচ্ছেন, লিওনেল মেসি অবসর নেওয়ার আগেই বার্সার কোচ হওয়ার।
বার্সেলোনার মূল দলের হয়ে ১৭ মৌসুম খেলা জাভি বর্তমানে কাতারে আছেন স্থানীয় দল আল সাদের কোচ হিসেবে। গেল জানুয়ারিতে সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে সরিয়ে দেওয়ার পর বার্সার পক্ষ থেকে তাকে মেসিদের দায়িত্ব নিতে বলা হয়। তবে এটা বার্সা কোচ হওয়ার সঠিক সময় নয় বলে বিনয়ের সঙ্গে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন জাভি।
বার্সেলোনায় ২০০৪ মৌসুমে যোগ দিয়ে ২০০৯ সাল পর্যন্ত খেলেছেন ইতো। ক্যামেরুনিয়ান এই ফরোয়ার্ড জানান, সাবেক সতীর্থকে শীঘ্রই বার্সায় যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। বলেন, ‘আমি জাভিকে বলেছি, যাই হোক না কেন সে যেন বার্সায় ফিরে যায় এবং তাকে আমি বলেছি ও এটা করেছি কারণ, সেখানে এখনো লিওনেল মেসি আছে। তারা একসঙ্গে খেলেছে। এটা অন্য কারো চেয়ে বিষয়টাকে আরো সহজ করে দেবে।’
