নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাইস্কুলের পরিচালনা পরিষদ করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্কুলের ১ হাজার ৬০০ শিক্ষার্থীর দুই মাসের বেতন মওকুফ করেছে। এ সময় স্কুলে কর্মরত শিক্ষকদের তিন মাসের বেতন ও বোনাস প্রদান করা হয়েছে বিদ্যানিকেতন ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে। নারায়ণগঞ্জে এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে শিক্ষানুরাগী ও সচেতন নাগরিকরা মনে করে। বিদ্যানিকেতন হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্টের চেয়ারম্যান এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন জানান—২০০৭ সালে নারায়ণগঞ্জের ভুঁইয়ারবাগ এলাকায় এ স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। এখানকার অধিকাংশ শিক্ষার্থী নিম্নআয়ের পরিবারের সন্তান। তাদের মেধার বিকাশে সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। সেজন্যই কোনো শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে যাতে ঝরে না পড়ে সেজন্য শিক্ষার্থীদের এপ্রিল এবং মে মাসের বেতন মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম জানান, শুধু শিক্ষার্থীদের বেতন মওকুফ নয়, এ দুর্যোগকালীন সময়ে বিদ্যালয়ের গরিব ৪০০ শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রী সহায়তা এবং ১০ হাজার মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে প্রদান করা হয়েছে। শিশু সংগঠন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শহরের অন্যান্য স্কুলকে অনুকরণ করার আহ্বান জানান। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ বলেন, বর্তমান দুর্যোগকালীন সময়ে বিদ্যানিকেতন কর্তৃপক্ষের মহানুভবতা দৃষ্টান্ত হয়ে থাকবে।
