ডিএনসিসির অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ১২ জুন ২০২০, ২১:৩৪

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের (চিরুনি অভিযান) সপ্তম দিনে গতকাল শুক্রবার ১৩ হাজার ৭৭৩টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১৪৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া ৯ হাজার ৭৬২টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৯টি মামলায় ৩ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এডিসের লার্ভা পাওয়া অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়। গত ৬ জুন থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এই ৭ দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ৯৪ হাজার ১৩৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ১ হাজার ১৩১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ৬৫ হাজার ৭৪৩টি বাড়ি, স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। চিরুনি অভিযান চলাকালে যেসব বাড়ি, স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, তার ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাত্ক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হচ্ছে। অভিযান চলাকালে ওয়ার্ড কাউন্সিলর, ডিএনসিসির বর্জ্য ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ডিএনসিসির চিরুনি অভিযান আজ শনিবারও চলবে।