করোনার আতঙ্কে বাধা

কিডনি রোগে নিহত গৃহবধূর লাশ দাফন করল পুলিশ

আপডেট : ১২ জুন ২০২০, ২১:৪৬

গোপালগঞ্জে কিডনি রোগ নিয়ে মারা যাওয়া আফরোজা বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ দাফন করেছে পুলিশ। মৃত্যুর পর করোনাতঙ্কে এ নারীর স্বজনরা দাফন কাজে এগিয়ে আসেনি। উলটো স্থানীয়রা লাশ দাফনে বাধা দেয়। এ খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দাফন করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার বলুগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফরোজা বলুগ্রামের খলিরুর রহমানের মেয়ে।

কাশিয়ানী থানার ওসি মো.আজিজুর রহমান জানান, ঐ নারী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়িতে আসেন। এদিন বিকালেই তিনি মারা যান। সে করোনায় মারা যেতে পারে, এ আতঙ্কে স্বজনরা কেউ তাকে দাফন করতে এগিয়ে আসেনি। এছাড়া লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ আমাদের কাছে আসে। খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানাজা শেষে বলুগ্রামের কবরস্থানে আফরোজার লাশ দাফন করেন। দাফনে ঐ মহিলার স্বামী ও ভাই অংশ নেন।