কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে অপহরণের ১০ দিন পর এক কলেজছাত্রীকে ভোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের হাজিরহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মামলার প্রধান আসামি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা বাচ্চু বেপারীর ছেলে রাসেল বেপারী ও তার সহযোগী আলমগীর মিয়ার ছেলে মো. সোহাগ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গত ৩ জুন ঢাকার কেরানীগঞ্জ থেকে ঐ কলেজছাত্রীকে অপহরণের ঘটনা ঘটে। ৭ জুন ঐ মেয়ের বাবা বাদি হয়ে থানায় মামলা করেন। অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে ভোলায় অবস্থান করছে—এমন খবর পেয়ে গতকাল কেরানীগঞ্জ থানাপুলিশের একটি দল ভোলার বাপ্তা ইউনিয়নের হাজিরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ঐ কলেজছাত্রীকে উদ্ধার করার পাশাপাশি পুলিশ এই মামলার প্রধান আসামি রাসেল ও তার সহযোগী সোহাগকে গ্রেফতার করে ঢাকা নিয়ে যায়।
