ডা. ফেরদৌসকে কোয়ারেন্টাইনে রাখার ব্যাখ্যা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

আপডেট : ১২ জুন ২০২০, ২২:৫১

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিত্সক ডা. ফেরদৌস খন্দকারকে কোন আইনের ক্ষমতাবলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তা জানাতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনাকালে বাংলাদেশের মানুষকে সেবা দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের সুপরিচিত মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার ৭ জুন ঢাকায় আসেন। কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে নিউ ইয়র্ক থেকে ডা. ফেরদৌসের সঙ্গে আরো ১১২ বাংলাদেশি দেশে আসেন। গত ৮ জুন করোনা মোকাবিলায় চীন থেকে সে দেশের বিশেষজ্ঞ দল ঢাকায় আসেন। কিন্তু এদের মধ্যে ডা. ফেরদৌসকে ছাড়া অন্য কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়নি। তাই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার বিষয়ে সমান বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

গতকাল শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) জ্যেষ্ঠ সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের (সুরক্ষা সেবা বিভাগ) সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিবকে ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জামিউল হক ফয়সালের পক্ষে ব্যারিস্টার গাজী ফরহাদ রেজা এ নোটিশ পাঠান।