দিনাজপুরের খানসামায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাফিয়ার রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পক্ষের আট জন। এই ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে। গতকাল শুক্রবার খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কাউয়ুমপুর চেহেলগাজী বাজারে এ ঘটনা ঘটে। সাফিয়ার রহমান খানসামা উপজেলার কাইয়ুমপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, খানসামা উপজেলার কাউয়ুমপুর চেহেলগাজী বাজার এলাকায় ১০ শতক জমির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরেই সাফিয়ার রহমানের সঙ্গে একই গ্রামের ফজলুর রহমানের বিরোধ চলে আসছিল। গতকাল সাফিয়ার দখলে থাকা বিরোধপূর্ণ জমিতে ফজলুর জোরপূর্বক বালু ফেললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ফজলুর রহমানের লোকজন লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে সাফিয়ার রহমান, তার ছেলে সাখাওয়াত হোসেন, দুই ভাতিজা নাজমুল ও মোস্তাকিমসহ দুই পক্ষের অন্তত আট জন আহত হয়। গুরুতর আহত সাফিয়ার রহমানকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ফজলুর রহমান, তার ছেলে আশরাফুল আলম, স্ত্রী রাহেনা খাতুন, মেয়ে ফাহিমা জান্নাত ও আফজাল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুনকে আটক করা হয়েছে।
