ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১০:০১

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সুকা বুমি জেলায় সোমবার ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে এখনো ২০ জন। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা এই তথ্য জানান।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান অব্যাহত রেখেছে। 

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে সিনারেসমি গ্রামের ৩০টি বাড়ি সম্পূর্ণভাবে চাপা পড়েছে। সেখানে গ্রামবাসীর সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরো পড়ুন: ভারতে বছরের প্রথম দিনে জন্ম ৭০ হাজার শিশুর 

সুতোপো আরো বলেন, এই ভূমিধসের ঘটনায় ইতোমধ্যে ৬১ গ্রামবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় বর্ষাকালে প্রায় ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে থাকে। তথ্যসূত্র: সিনহুয়া, এবিসি, ওয়াশিংটন পোস্ট। 

ইত্তেফাক/এসআর