বিশেষ প্রতিনিধি
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে মাঠে নামছেন একঝাঁক তারকা। এই তালিকায় আছেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, শমী কায়সার, জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী অরুনা বিশ্বাসসহ অনেকে। আগামী সপ্তাহ থেকে তারা প্রচারণায় নামবেন। গতকাল মঙ্গলবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সভায় শমী কায়সারসহ অন্য অভিনয়শিল্পীরা এবং সংগীতশিল্পী সংসদ সদস্য মমতাজ উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ বলেন, অভিনয় শিল্পী, সেলিব্রেটিরা আমাদের নির্বাচনী প্রচারণায় বের হবেন। কিছু টিভিসি আমরা তৈরি করে দেবো, সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলোর প্রচার চালাবেন তারা। এ সময় চিত্রনায়ক ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রীকে আমরা প্রচণ্ড ভালোবাসি। তিনি আমাদের যে উন্নয়নের ধারা দেখিয়ে দিয়েছেন, এই ধারায় আমরা হাঁটছি। আমার মনে হয় তিনি যদি আগামীতে প্রধানমন্ত্রী না হন, তবে বাংলাদেশ এভাবে এগিয়ে যেতে পারবে না। তাই তার জন্য আমরা নিবেদিতভাবে কাজ করবো।
জাহিদ হাসান বলেন, আমরা অনেক কনফিডেন্টলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই নৌকা মার্কার কারণেই। আমরা যখন দেশের বাইরে যাই তখন গর্বের সঙ্গে বলি আমাদের প্রধানমন্ত্রী দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। একটা মহাসড়কে আমরা যাত্রা করছি, এটার গন্তব্য যেন আরও ভালো জায়গায় যায়।
নির্বাচনী প্রচার উপ-কমিটির আহ্বায়ক ড. হাছান মাহমুদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
