ডিজিটাল ব্যাংকিং সেবায় ফ্লোরা টেলিকমের একযুগ

আপডেট : ১৩ জুন ২০২০, ২০:৩২

বাংলাদেশে ব্যাংকিং খাতে সফটওয়্যার নির্ভর ডিজিটাল সেবায় একযুগ পূর্তি করেছে ফ্লোরা টেলিকম লিমিটেড। ২৩ বছর ধরে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে সেবা দিয়ে আসলেও ডিজিটাল ব্যাংকিং সেবা শুরু করে ২০০৮ সাল থেকে। ব্যাংক, টেলিকম প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন কমিশন, সংস্থাসহ অসংখ্যা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটালাইজেশনে কাজ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লোরা টেলিকম জানিয়েছে, ২০০৮ সালে বাংলাদেশের জাতীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম অগ্রণী ব্যাংক লিমিটেড কোর ব্যাংকিং সফটওয়্যার বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করে। তত্কালীন পরিচালনা পরিষদের অনুমোদনক্রমে যথাযথ ক্রয়নীতি মেনে পিপিআর অনুযায়ী দরপত্রের মাধ্যমে অগ্রণী ব্যাংকের জন্য প্রয়োজনীয় কোর ব্যাংকিং সফটওয়্যার ক্রয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। দরপত্রের শর্তানুযায়ী, কারিগরি ও সর্বনিন্ম দর প্রস্তাবের জন্য ফ্লোরা টেলিকম লিমিটেড যোগ্য দরদাতা হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে ফ্লোরা টেলিকমের দরপত্রের প্রস্তাবিত বিশ্বের এক নম্বর কোর ব্যাংকিং সফটওয়্যার ‘টেমেনস টি২৪’ ব্যবহারের জন্য অগ্রণী ব্যাংক এবং ফ্লোরা টেলিকমের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। শুরু হয় অগ্রণী ব্যাংকের সঙ্গে ফ্লোরা টেলিকমের ডিজিটাল অগ্রযাত্রা। চুক্তি অনুযায়ী টেমেনস টি২৪ কোর ব্যাংকিং সফটওয়্যারের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় ইতিমধ্যে ২০১৮ সালে একটি রি-লাইসেন্সিং চুক্তি সম্পন্ন হয় যা পরবর্তী ১০ বছরের জন্য নবায়ন হয়েছে এবং ২০২৮ সাল পর্যন্ত বলবত থাকবে।

ফ্লোরা টেলিকম কর্তৃক বাস্তবায়িত টেমেনস টি২৪ কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে অগ্রণী ব্যাংক এটিএম সার্ভিস, এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিটেন্স সার্ভিস, ইউটিলিটি বিল কালেকশন এবং এসএমএস ব্যাংকিং সেবাসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রদান করায় গ্রাহক সংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমানে ৯৫৬টি শাখার মাধ্যমে সারাদেশে ১ কোটি ১০ লাখ গ্রাহককে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করছে।